ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

  07-06-2026 12:41AM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে নগরীর ঢাকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আজিজুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জবায়দুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরিফুল ইসলাম ঢাকা বাইপাসের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে আসা অন্য একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সদস্য আরিফুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন