পিএনএস ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে যোহরের নামাজরত অবস্থায় এক সৌদি প্রবাসী ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নজরুল সরদার (৪৫) গতকাল শনিবারই সৌদি আরব ফিরে যাওয়ার কথা থাকলেও পরিবারের অনুরোধে দেশে থেকে গিয়েছিলেন, আর তার একদিন পরই বড় ভাইয়ের হাতে প্রাণ হারাতে হলো তাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন সরদারের বড় ছেলে হারুন সরদার ও চতুর্থ ছেলে মজিবর সরদারের মধ্যে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে ছুটিতে গ্রামের বাড়িতে আসা সৌদি প্রবাসী সেজ ভাই নজরুল সরদার এ দ্বন্দ্বে ছোট ভাই মজিবর সরদারের পক্ষে কথা বলেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন বড় ভাই হারুন সরদার।
এরই জের ধরে আজ দুপুরে স্থানীয় মসজিদে যোহরের নামাজরত অবস্থায় হারুন সরদার ধারালো অস্ত্র নিয়ে নজরুলের ওপর অতর্কিত হামলা চালান। তিনি নজরুলের পেটে ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় নজরুলের চিৎকারে স্বজনসহ আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও বড় ভাই হারুন সরদারের খামখেয়ালিপনার কারণে কোনো স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি। এর আগেও নজরুল ইসলামকে কয়েক দফায় মারধর ও হামলা করে গুরুতর আহত করেছিল তার অবাধ্য বড় ভাই হারুন।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
পিএনএস/রাআ
মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা
22-06-2026 01:45AM

