পিএনএস ডেস্ক: ফেনীর ফুলগাজীতে মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) ও তার মা জাকিয়া আক্তার। জুঁই ও জাকিয়া সম্পর্কে মা-মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মোহাম্মদ কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই নিহত হন। আহত অবস্থায় জাকিয়া আক্তারসহ আরও তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন, আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
পিএনএস/রাআ
ফেনীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
27-06-2026 10:45PM

