পিএনএস ডেস্ক: গাজীপুরের টঙ্গীর কলাবাগান এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে মহাসড়কটি অবরোধ করে রাখা হয়েছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
অবরোধে অংশ নেওয়া একজন বলেন, ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে গ্রেপ্তার এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফ হোসেন বলেন, “আমরা আসামিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি। অভিযান অব্যাহত রয়েছে।”
গত ১২ জুলাই সকালে শিশুটিকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বিপ্লব নামে এক তরুণ ধর্ষণ করে বলে অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করলেও প্রভাবশালী একটি মহলের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।
পিএনএস/রাআ
টঙ্গীতে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
18-07-2026 01:09AM

