পিএনএস ডেস্ক: ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলো- সিংগুরা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে রুজাইনা আক্তার (২) ও দরশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নোহান (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রুজাইনাকে উঠানে রেখে থালা-বাসন ধোয়ার জন্য তার মা টিউবওয়েলের কাছে যান। ফিরে এসে দেখেন রোজাইনা উঠানে নেই। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রোহান পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিএনএস/রাআ
ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
26-07-2026 11:30PM

