দুবাই পালিয়ে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

  10-01-2026 05:14PM

পিএনএস ডেস্ক: নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আমাদের একটি দল ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে।

শাওনের ভাই ইমরান মাহমুদ বলেন, ‘পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমেই আমরা বিষয়টি জেনেছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এএইচএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন