শটগান দিয়ে নারীকে গুলি করল কুকুর!

  29-05-2026 05:09PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় কুকুরের ছোড়া গুলিতে কাছে থাকা এক নারী আহত হয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনওপি নিউজ-২ জানিয়েছে, স্কটসব্লাফের পুলিশ একটি কনভিনিয়েন্স স্টোর থেকে শটগানের গুলির শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা একটি ট্রাক দেখতে পায়, যার একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন নারীর বাহুতে শটগানের ছররা লেগেছে। দুপুরের কিছুক্ষণ পর ঘটনাটি ঘটে, যখন যানটি ২০০২ অ্যাভিনিউ আই-এ অবস্থিত ‘শর্ট স্টপ’ নামের একটি গ্যাস স্টেশন ও কনভিনিয়েন্স স্টোরে এসে থামে বলে কেএনওপি জানিয়েছে।

তদন্তে জানা গেছে, ট্রাকটি দোকানের সামনে থামার পর পেছনের আসনে থাকা কুকুরটি নড়াচড়া করে। সেই সময় কোনোভাবে কুকুরটি শটগানের ট্রিগারে চাপ দিয়ে ফেলে। বন্দুকের ভেতরে তখন গুলি ভরা ছিল। এতে গুলি বেরিয়ে ট্রাকের দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে থাকা নারী আহত হন।

আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নেব্রাস্কায় গাড়ির ভেতরে গুলিভরা শটগান রেখে চলাচল করা বেআইনি। তাই আহত সেই নারী বিপদে পড়তে পারেন এখন।
সূত্র: ফক্স নিউজ


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন