কেরাণীগঞ্জে অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড

  27-07-2026 01:43AM

পিএনএস ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজের নিচে একটি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা অন্তত ৪২টি অটোরিকশা পুড়ে গেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যারেজ মালিকের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত ঘটেনি।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন